বেনাপোল প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন।
সীমান্তবর্তী শহর বেনাপোলের স্কুল-কলেজগামী তরুণেরা যাতে বিপথগামী না হয় এবং খেলাধুলায় মনোনিবেশ করতে পারে, সেই উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ নেন।
ফুটবল বিতরণকালে সবুর হোসেন বলেন “সীমান্ত এলাকায় একটু হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। এর ফলে আমাদের অনেক তরুণ ও যুবক ভুল পথে পা বাড়াচ্ছে, যা তাদের বাবা-মাকে প্রতিনিয়ত গভীর চিন্তায় রাখছে। এই কিশোর ও যুবকদের আবার সুস্থ খেলার পরিবেশে ফিরিয়ে আনার জন্য আমি আমার সাধ্যমতো ক্রীড়াসামগ্রী বিতরণ করছি।”
তিনি আরও জানান, আজ ফুটবল বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো এবং আগামী কয়েকদিনের মধ্যে এলাকার তরুণদের মাঝে ক্রিকেট সামগ্রীও বিতরণ করা হবে।