বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মানব পাচার ও অভিবাসন ঝুঁকিতে থাকা ভুক্তভোগীদের জরুরি ও নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হাফওয়ে হোম’ (Halfway Home)। আজ ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার বেনাপোলের হোটেল সান রুফে আয়োজিত এক ইনসেপশন (Inception) সভার মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (UNODC)-এর ‘গ্লোঅ্যাক্ট’ (GLO.ACT) প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এই কার্যক্রমের মাঠপর্যায়ের সার্বিক বাস্তবায়নে নিয়োজিত রয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’ (Rights Jessore)।
ইনসেপশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহেদ। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওডিসি (UNODC) আঞ্চলিক কার্যালয় (দক্ষিণ এশিয়া)-এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনীম বিনতা করিম, বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশনের ওসি মো: সাইফুর রহমান, রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) এস এম আজহারুল ইসলাম, রাইটস যশোরের পরিচালক প্রদীপ দত্ত এবং বেনাপোল কোম্পানি সদর কমান্ডার সুবেদার মো: মহসিন চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কৌশলগত এলাকা হিসেবে বেনাপোল মানব পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট। পাচারের শিকার ভুক্তভোগী এবং সংকটে পড়া অভিবাসী নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করার পর তাদের আইনি, মানসিক এবং সামাজিক পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করার আগে একটি নিরাপদ অন্তর্বর্তীকালীন আশ্রয়ের প্রয়োজন হয়। ‘হাফওয়ে হোম’ সেই শূন্যতা পূরণ করবে এবং ভুক্তভোগীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে একটি মানবিক ও সংবেদনশীল পরিবেশ প্রদান করবে।
বক্তারা এই মানবিক উদ্যোগকে সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।