রাণীনগরের আবাদপুকুর বাজার থেকে ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
তিনি জানান, উপজেলার আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা ও মাহাবুব আলমকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *