নিয়ামতপুরে একদিনের ব্যবধানে দুই গৃহবধূর আত্মহত্যা

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধঃ  নওগাঁর নিয়ামতপুরে মাত্র একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই নারীর আত্মহত্যার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এর মধ্যে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে এবং পারিবারিক কলহের জেরে অভিমান করে বিষপান করে অপর এক তরুণী গৃহবধূ প্রাণ হারিয়েছেন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়ন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাহাদুরপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

​নিহত দুজন হলেন,উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫) এবং বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনতি বর্মন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন বাড়ির বাইরে গেলে সবার অগোচরে তিনি ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​অপর ঘটনায় জানা যায়, প্রায় ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে স্মৃতি কর্ণীর বিয়ে হয়। কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে সোমবার রাত নয়টার দিকে পরিবারের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন স্মৃতি। পরে স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁর মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায়  অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য
নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *