শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় জলমহাল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ড, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নির্বাহী সদস্য ইমরান আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় কেশবপুর উপজেলার ১৫টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কেশবপুর উপজেলা পরিষদের পুকুর, থানা পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, উপজেলা পাবলিক মাঠ সংলগ্ন ভূমি অফিসের পুকুর, খাদ্য গুদামের পুকুর, পানি উন্নয়ন বোর্ডের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার পুকুর, আলতাপোল আশ্রায়ন প্রকল্পের পুকুর, সাগরদাঁড়ি মধু পল্লীর পুকুর, বিল চাতরা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, সন্যাসগাছা আশ্রায়ন প্রকল্পের পুকুর, আগরহাটি আশ্রায়ন প্রকল্পের পুকুর এবং বাইলের বিলে এই পোনামাছ অবমুক্ত করা হয়।