সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমানা ও টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত

সিলেট প্রতিনিধি : [১] সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমানা ও টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অপর চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
[২] সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।
[৪] মাকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৫] গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *