বেনাপোলে দুই মাসের বেশি সময় ধরে ড্রেন নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগে ক্ষোভ ; ঠিকাদারকে পৌরসভার সতর্কীকরণ চিঠি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের গতিপাড়া গ্রামের উত্তরপাড়ায় বসতবাড়ির সামনে গর্ত খুঁড়ে ও রড বেঁধে ড্রেন নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি ওই খোলা ড্রেনে পা পিছলে পড়ে এক নারীর কোমর (মাজা) ভেঙে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতিপাড়া উত্তরপাড়ায় বসতবাড়ির কাছ দিয়ে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়া ও রড স্থাপনের পর কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গর্ত ও রড উন্মুক্ত অবস্থায় পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসী।

এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, কাজ বিলম্বিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌর প্রশাসক ঠিকাদারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কয়েকটি জায়গায় চিঠি দিয়েছেন। সড়ক ও ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন না হওয়ায় আমদেরও  বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, নির্মাণ সাইটে জানমালের নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দ্রুত কাজ শুরুর তাগিদ দিয়ে বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখের (স্মারক নং-বেনা/পৌর/প্রকৌঃ/০০১-২৪০/২০২৬-২৭৯) ওই চিঠিতে বেনাপোল পৌরসভার আওতাধীন পৌর ভবন সড়ক, দৌলতপুর সড়ক ও ছোট আঁচড়া লিংক রোড সংশ্লিষ্ট ড্রেন ও সড়ক পুনর্বাসন প্যাকেজের কাজ বর্তমানে সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিতে নির্মাণস্থলে ব্যারিকেড, সতর্কতামূলক সাইনবোর্ড ও বাতি স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দ্রুত কার্যকর করা এবং অবিলম্বে নির্মাণকাজ পুনরায় শুরুর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সতর্কতা সত্ত্বেও অবহেলা বা অসতর্কতার কারণে কোনো দুর্ঘটনা বা য়তি হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সরেজমিনে  দেখা যায়, খননকৃত ড্রেনের একপাশে শাটারিং ও রডের খাঁচা বসানো অবস্থায় থাকলেও কাজ অসম্পূর্ণ রয়েছে, এবং পাশের সরু পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। দ্রুত কাজ শেষ করে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায় বাড়ির থেকে বের হওয়া যাচ্ছে না। বাড়ির সামনে প্রায় ৫ থেকে ৬ ফুট গর্ত। বাড়ি থেকে বের হয়ে বাজার ঘাটে যাওয়ার মত কোন পরিবেশ নাই। দীর্ঘদিন ধরে আমরা ঝুকিতে বসবাস করছি। ছেলে মেয়েদের স্কুলে অত্যান্ত ঝুকিতে স্কুলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *