বদলগাছিতে আবহাওয়া পর্যবেক্ষনাগার থাকা সত্বেও কোন কাজে আসছেনা কৃষকের | কৃষক হতাশ

 মোঃ ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাজীতে কৃষকের ফসলরক্ষায় আগাম আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার উদ্দেশে সরকারি অর্থায়নে স্থাপন করা হয়েছিল কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। কিন্তু প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও এ কার্যালয় থেকে কৃষকরা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণের পর কখনোই দুর্যোগের আগে তাদের কাছে কোনো সতর্কবার্তা পৌঁছায়নি। সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ফসলের বিপুল পরিমাণ জমি।
কৃষকদের আবহাওয়াসংক্রান্ত তথ্য দিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করতে ২০১২ সালে বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। তাদের অভিযোগ, আবহাওয়ার পূর্বাভাস কিংবা প্রতিকূল পরিস্থিতিতে ফসলরক্ষার পরামর্শ তারা পান না।
গতকাল বৃহস্পতিবার পর্যবেক্ষণাগারে গিয়ে দেখা যায়, মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর এক ব্যক্তি এসে ফটক খুলে দেন। তবে কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার দেখা মেলেনি। পরে নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, কার্যালয়ের স্যার ছুটিতে রয়েছেন। তিনি কবে ফিরবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে কার্যালয় থেকে পাওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিস্তারিত কথা বলতে রাজি হননি। তাঁর ভাষ্য, মোবাইল ফোনে সব বিষয়ে কথা বলা সম্ভব নয়। তবে সরাসরি বক্তব্য দেওয়ার জন্য কবে কার্যালয়ে আসবেন, সে সময়ও জানাননি। কৃষকদের কাছে আবহাওয়ার পূর্বাভাস না পৌঁছানোর কারণ জানতে চাইলেও তিনি এ বিষয়ে রহস্যজনক নীরব থাকেন।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ধান ও সবজি মিলিয়ে প্রায় ২২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার গোবরচাঁপা এলাকার কৃষক আবু রায়হান বলেন, ‘দুর্যোগের আগাম খবর পেলে ফসলরক্ষায় কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। পাকা ধান মাঠে না রেখে দ্রুত কেটে ঘরে তুলতে পারতাম।’ কৃষক রুবেল হোসেন বলেন, কৃষি বা আবহাওয়া অফিস থেকে আগে সতর্ক করা হলে তারা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানোর সুযোগ থাকত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। পাকা ধান দ্রুত কেটে মাড়াইয়ের পরামর্শও দেওয়া হয়। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তারা কোনো পূর্বাভাস পাননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন), নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘কৃষকের স্বার্থে সরকারি অর্থ ব্যয়ে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হলো, অথচ সেই প্রতিষ্ঠান থেকে কৃষকরাই কোনো সেবা পাচ্ছেন না– এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশার।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *