কালের সংবাদ ডেস্কঃ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে।
মতিঝিল থানার অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য আদালতে পাঠায় ডিবি। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি জানিয়েছে, মাদকতা, উচ্ছৃঙ্খল আচরণ, বেপরোয়া জীবনযাপন, স্ত্রীকে মারধর, টাকা আত্মসাৎ, প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে।
কয়েকজন শিল্পী ও এক এয়ার হোস্টেস চক্র তাকে যাবতীয় সব মাদক সরবরাহ করেন। অনেক মানুষ ডিবি’র কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদিও সেগুলো মৌখিক অভিযোগ ছিল। সর্বশেষ একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অগ্রিম টাকা নিয়ে সেখানে না গিয়ে অর্থ আত্মসাৎ করেন। অনুষ্ঠানে যোগ দেননি আবার তাদের টাকাও ফেরত দেননি। পরে আয়োজকরা তার বিরুদ্ধে মামলা করেন।
গতকাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান।