নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৩০ মার্চ) বিকেলে ও সন্ধ্যার দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে মোট ৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫) এর কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫) এর কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় এনে ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জব্দ করা মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *