বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বেনাপোল চেকপোস্ট এলাকার সাইদুল সুপার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ১৫ লিটার ভারতীয় মদসহ রবিউল ইসলাম মিলু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় এ মাদকদ্রব্য উদ্ধার হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্টের সাইদুল সুপার মার্কেটে অবস্থিত ‘অর্নি টেলিকম’ ও একটি স্টেশনারি দোকান থেকে ওই মদ উদ্ধার করা হয়। দোকান দুটি একই মালিকের বলে জানা গেছে।
আটককৃত মিলু খুলনা জেলার মানিক চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলু খুলনা থেকে বেনাপোলে এসে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন। তার পেছনে বেনাপোলের একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে এবং তিনি বেনাপোল থেকে ঢাকা ও খুলনাগামী ট্রেনে মাদক পাচার করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযানে তার ওই দুটি দোকান থেকে পুলিশ কয়েকটি কার্টুন উদ্ধার করে।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের সাইদুল সুপার মার্কেটের দ্বিতীয় তলা ও নিচতলায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করার কথা জানান তিনি।
তবে বেনাপোল পোর্ট থানায় গিয়ে জানা যায়, ডিবি পুলিশের গাড়ি থানায় এলেও কোনো মদ ও আসামি থানায় হস্তান্তর করা হয়নি; গাড়িটি থানা থেকে ঘুরে চলে যায়। পরবর্তীতে মুঠোফোনে এসআই আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, থানায় আসতে আরও প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে চেকপোস্টের কয়েকজন প্রত্যদর্শী জানান, মিলুর দুটি দোকান থেকে পুলিশ আনুমানিক ৫ থেকে ৬ কার্টুন মদ উদ্ধার করেছে, যার মধ্যে বেশ কিছু ছোট (নিপ) আকৃতির বোতলও রয়েছে।