নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে সরিষা কলা ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা।

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির বোরোধানের বীজতলা, কলাগাছ ও সরিষার ক্ষেত নষ্ট করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ জানুয়ারি) সকালে বালিচাঁদ গ্রামে নুরুন্নবী ও আব্দুল লতিফের ভোগদখলে থাকা ২ একর ৪১ শতক জমির ওপর বালিচাঁদ গ্রামের আব্দুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন দলবদ্ধ হয়ে জমিতে থাকা ৩০ টি ইউক্যালিপটাস গাছ, বোরো মৌসুমের ৪০ বিঘা জমির বীজতলা ও প্রায় ১ বিঘা জমির সরিষা নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের প্রায় ৪-৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়।

প্রত্যক্ষদর্শী বালিচাঁদ গ্রামের শাহীন আলম বলেন, সকালে লোকজনের হাঁকডাক শুনে ওই জমিতে গিয়ে দেখি আব্দুর রাজ্জাকের নির্দেশে ২০-২৫ জন ওই জমিতে থাকা ৩০ টি গাছ, সরিষা ক্ষেত, কলাগাছ,  বোরোধানের বীজতলার ওপর পাওয়ার টিলার চালিয়ে সব নষ্ট করে ফেলে।

আব্দুল হামিদ বলেন, পৈত্রিক সূত্রে থেকে নুরুন্নবী ও আব্দুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারি নি। তাদের এ জমিতে একসময় পাড়ার লোকজনের সাথে ঝামেলা ছিল। কিন্তু এখন কোন ঝামেলা নেই। তারপরও এমন ঘটনা মেনে নেওয়ার মতো না। এ ঘটনায় তাদের বড় ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী জানান, ১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়ে ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

আব্দুর রাজ্জাক বলেন, একটা সময় পাড়ার সকলে ওই জমিতে খেলাধুলা করতো। এখন পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ওই জমির সকল কিছু কেটে ফেলা হয়।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *