অটোরিকশায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অসুস্থ বাবাকে অটোরিকশায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ছেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অসুস্থ বাবা মান্নান খন্দকারকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ছেলে জুয়েল খান্দকার। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো পরিবারের লোকজন নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *