হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা: অবৈধ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের ৫৫৯ দিনের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হবে আগামী সংসদ অধিবেশনে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ অধিবেশন বসার প্রথম ৩০ দিনের মধ্যে যদি জাতীয় সংসদ এই অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি না দেয়, তবে সেগুলো বাতিল হয়ে যাবে। এর অধীনে হওয়া সব কর্মকাণ্ডও বৈধতা হারাবে। তবে জারি করা সব অধ্যাদেশের প্রথম দিনেই উপস্থাপন করতে সরকার বাধ্য নয়।
এক্ষেত্রে পুরোনো অভিজ্ঞতাও আছে। এক-এগারো তত্ত্বাবধায়ক সরকার ২০০৭-২০০৯ পর্যন্ত ১২২টি অধ্যাদেশ জারি করেছিল। নবম সংসদে ১২২টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়। সংসদীয় কমিটি ৫৪টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সুপারিশ করেছিল, বাকিগুলো বাতিল হয়। এছাড়া হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির আমলে জারি ৫৯৫টি অধ্যাদেশ ২০১০ সালে অবৈধ ঘোষণা করা হয়েছিল।