আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি- সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

কালের সংবাদ ডেস্কঃ আজ সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি: দুই সিটি করপোরেশনে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভোটের দিনে সব জায়গায় নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

নির্বাচন-পূর্ব, ভোটের দিন ও নির্বাচনোত্তর অনিয়ম, গোলযোগ ও সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই সিটি করপোরেশনের ১৫৫টির মধ্যে ১৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ৭টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (অতি ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত করা তালিকা অনুযায়ী এখানকার ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ)। এরমধ্যে ১৮টি ওয়ার্ডের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বাকি ৫৮টি কেন্দ্র সাধারণ (ঝুঁকিমুক্ত) বলে চিহ্নিত করা হয়েছে।

এই দুই সিটির ভোটও সরাসরি সিসি ক্যামেরায় ঢাকা থেকে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে বড় এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যদিও প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এমনকি নির্বাচনে অংশ নেয়া একটি দল এই দুই সিটিতে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। বড় প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছে নির্বাচন কমিশন।

বরিশালে ভোটের মাঠে মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনা অনেকটা ভাবিয়ে তুলছে ইসিকে। পাশাপাশি সেখানে ভোটের পরও পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। যে কারণে সিলেট ও রাজশাহীতেও কোনোভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে ভোটের আগে ও পরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য মাঠে ২৪ জন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। তারা মোট ৫ দিন মাঠে থাকবেন।

ভোট তথ্য: ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

অন্যদিকে রাজশাহীতে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। সবমিলিয়ে এই সিটিতে এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *