কালের সংবাদ ডেস্কঃ একমাত্র টেস্টে খেলতে পারবেন না দুর্দান্ত ফর্মে থাকা এই ফাস্ট বোলার তাসকিন আয়ারল্যান্ডের বিপক্ষে। জন্মদিনে দুঃসবাদ পেলেন তাসকিন আহমেদ।
পুরনো চোটে ভুগছেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে সিরিজ সেরার স্বীকৃতি পান তাসকিন। সিরিজের তিন ম্যাচে নেন ৮ উইকেট। পরে টেস্টের আগে মিরপুরে দুই দিনের অনুশীলনে তাকে সেভাবে বোলিং করতে দেখা যায়নি। সোমবার ছিল তাসকিনের ২৮তম জন্মদিন। পরীক্ষা-নীরিক্ষা শেষে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, টেস্ট শেষে ঢাকা প্রিমিয়ার লীগেও এই মাসে আর ফেরা হবে না তাসকিনের। বায়েজিদুল ইসলাম বলেন, ‘তাসকিনের আজকে এমআরআই করানো হয়েছে এবং তার শরীরে বাঁপাশে গ্রেড-২ স্ট্রেইন নিশ্চিত হওয়া গেছে।
কাটিয়ে উঠতে সাধারণত চার সপ্তাহের মতো সময় লাগে এই ধরনের ইনজুরিতে। এটির মানে, দুর্ভাগ্যজনকভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সে খেলতে পারবে না।’ অন্যদিকে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, মূলত সতর্কতার কারণেই এই টেস্ট থেকে বাইরে রাখা হচ্ছে তাসকিনকে। বাশার বলেন, ‘এখনও রিপোর্ট হাতে পাইনি আমরা। তবে যতদূর জানি, এটা ওর পুরনো চোট। সাইডস্ট্রেইন ক্যারি করছিল আগে থেকেই। টি-টোয়েন্টি সিরিজে তা আরও একটু বেড়েছে। চাইলে এই টেস্টেও ওকে খেলানো যেত। তবে সেক্ষেত্র আবার চোট বেড়ে গেলে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকত।’ তাসকিনের বদলে দলে ফেরা রাজা বাংলাদেশের সবশেষ টেস্টের স্কোয়াডে ছিলেন। তবে না খেলেই তিনি বাদ পড়েছিলেন এই টেস্ট থেকে। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবার টেস্ট দলে সুযোগ পান রাজা। এরপর থেকে টেস্ট স্কোয়াডে ২৪ বছর বয়সী এই পেসার নিয়মিত মুখ হলেও এখনও অভিষেক হয়নি। সাইড স্ট্রেইনের চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিন আহমেদকে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেড়ে উঠতে পারেননি। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় ভূমিকা তাসকিনের। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মার ছিলেন তাসকিন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি সর্বাধিক ৮ উইকেট তিনি। ইকনোমি রেট ৭.১০।