ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স

হাকিকুল ইসলাম খোকন, মোঃনাসির, আমেরিকা :  ওয়াশিংটন: ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাত আগামী কয়েক মাসের মধ্যে ‘অনেক ভিন্ন একটি পর্যায়ে’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান এখন আগের তুলনায় কমেছে। তবে ইরান এখনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে সীমিত আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য হলো ইরান যাতে এসব সক্ষমতা পুনর্গঠন করতে না পারে তা নিশ্চিত করা।বাপসনিউজকে লেখা এক প্রতিবেদনে সাংবাদিক মোঃনাসির আরোও জানিয়েছেন,হরমুজ প্রণালিতে নৌ-মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করেছে। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। নিউইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপন অভিযানের মাধ্যমে কিছু তেলবাহী জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার চেষ্টা করছে এবং ইরানি তেলবাহী জাহাজ ও ইরান-সমর্থিত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে।

ভ্যান্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি যুদ্ধবিরতি ও আলোচনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলেছেন। তবে সংঘাত শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি আবার সামরিক অভিযান বাড়বে—এ বিষয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্ত নেই। 

এর আগে ৩ সেপ্টেম্বর ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে সংঘাত কবে শেষ হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেন না এবং বিষয়টি অনেকটাই ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *