নিজস্ব প্রতিবেদক,আশিক হাসান সীমান্তঃ
কবিতাঃ-“রমজানের শিক্ষা“- কবি উম্মে কুলসুম মৌ
হিজল বনের গাঁয়ে থাকে এক বুড়ি নাম পূরবী,
তাঁরই প্রতিবেশী আসলাম হক একজন মৌলবি।
ভিক্ষে করে বুড়িমা’র দিন যেতো কষ্টে করুণ,
দুই এক বেলা না খেয়েই কাটে অভাবের দরুন!
কেউ নেই তাঁর দেখার মতো বৃদ্ধা বয়সে এসে,
মৌলবি করতো দান মাঝে মধ্যে ভালোবেসে।
স্বল্প আয়ে দিন তাঁরও যায় অনেক টেনেটুনে,
তবুও সবুর করে তসবিতে আল্লাহু গুনে।
রোজার চাঁদ উঠে মৌলবি যায় বুড়িমা’র কাছে,
সুখবরটা দিতে যেন না হয় দেরী পাছে!
ভাঙ্গা দোরে দাঁড়িয়ে ঠকঠকিয়ে কাঁপে বুড়ি,
“বাবু আমি করিনি তো তোমার ডালিম চুরি!”
হেসে বলে,”আসিনি গো শাস্তি দিতে সোজা,
কাল থেকে শুধু সেহরি ইফতার সারাদিন রোজা;
ত্রিশ ঊনত্রিশ দিন এক বেলার খাবার বেঁচেই যাবে,
পৌঁছে দিবো তোমায় গোটা মাস তিন বেলা খাবে।”
ভিন ধর্মের হয়েও মৌলবির এরূপ আচরণে,
চোখ যায় জলে ভরে বুড়িমা’র দাগ কাটে মনে!
ঠাকুরকে ডাকে,”দিও সবসময় তাঁর মঙ্গল করে,
জাত কূল ফেলে যে মানবতাকে আঁকড়ে ধরে!”
আমরা গপাগপ খেতে থাকি রোজ রোজা ছেড়ে,
বিলাসী দামী পদে যায় খরচাও তেমন বেড়ে।
খানাপিনার উৎসব এটাই কি রমজানের শিক্ষা?
ঘেঁটে দেখি ইসলামী ইতিহাস কি দেয় দীক্ষা!