শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুর উপজেলার বায়সা নুরপুর এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুমার দিনে উজ্জ্বল স্মৃতি সংসদ এর পক্ষ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে উজ্জ্বল স্মৃতি সংসদ এর সভাপতি মাসুদ পারভেজ শহিদ বলেন, উজ্জ্বল স্মৃতি সংসদ একটি সামাজিক ও অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের পক্ষ থেকে মরহুম উজ্জ্বল এর রুহের মাগফিরাত কামনায় শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা খাবার পেয়ে খুবই খুশি হয়েছেন। সমাজের দুস্থ, গরীব, অসহায় ও এতিমদের জন্য আগামীতেও আমাদের সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উজ্জ্বল স্মৃতি সংসদ এর সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, সমাজে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা নানাভাবে অবহেলিত। পিতা-মাতাহারা এইসব শিক্ষার্থীদের দুুঃখ, কষ্টের কথা মনে করে মানবিক দৃষ্টি কোণ থেকে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও সম্পদশালী মানুষগুলোর প্রতি সবিনয়ে অনুরোধ রইলো মানবতার হাতটি বাড়িয়ে এতিম, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
খাবার বিতরণ শেষে এতিমখানা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মরহুম উজ্জ্বল এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদ এর সহ-সভাপতি মনিরুল ইসলাম লিপ্টন, সাধারণ সম্পাদক শামসুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদিরুল রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, প্রচার সম্পাদক জাহিদ বিশ্বাস, সহ প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, সদস্য রবিউল ইসলাম, রাজু আহমেদ, কামরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।