শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে বুলু সরদার (৪৫) নামে এক কৃষকের ৯৩ শতক জমির বোরো ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মঙ্গলকোট বিলে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ প্রয়োগ করে কাঁচা ধান ক্ষেত পোড়ানোর ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক থানায় লিখিত অভিযোগ করাসহ উপজেলা কৃষি অফিসকে বিষয়টি অবগত করেন। পুলিশ ও কৃষি অফিসের পক্ষ থেকে ওই কৃষকের ধান ক্ষেতটি পরিদর্শন করেছেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের কৃষক বুলু সরদারের (৪৫) বিলের ৯৩ শতক জমিতে গত ১২ মার্চ রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ প্রয়োগ করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান। ওই কৃষক বিষয়টি কৃষি অফিসে এসে জানালে বৃহস্পতিবার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুঝতে পারেন ঘাস মারা ওষুধ দিয়ে ওই ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার ওই ধান ক্ষেতটি পরিদর্শন করেন। রবিবার সরেজমিন ওই ক্ষেতে গেলে কৃষক বুলু সরদারের ভাই হাফিজুর রহমান বলেন, ক্ষেতের ধান হারিয়ে তার ভাই হতবাক হয়ে পড়েছেন। এই ৯৩ শতক জমিতে প্রায় ৮০ মণ বোরো ধান উৎপাদন হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ প্রয়োগ করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে।
তবে, থানার অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন ওই কৃষকের ধান ক্ষেতটি পরিদর্শন করেছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়েই ওই কৃষকের ধানের ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ঘাস মারা ওষুধ প্রয়োগ করে ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়ায় ক্ষেতের ধান আর রক্ষা করা সম্ভব হবে না। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামীতে কৃষি প্রণোদনা আওতায় ওই কৃষককে সহযোগিতা প্রদান করা হবে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েই কৃষকের ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলমান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।