শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর কমিটির সদস্য তাহমিদ আহসান মিশাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসির আরাফাত, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের দেশের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, যুবরাই দেশের প্রাণশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে এবং জাতির যেকোন সংকটে যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যত বড় বড় অর্জন সবই হয়েছে যুব সমাজের হাত ধরে। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। দেশের এক তৃতীয়াংশ হলো যুবক। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও প্রশিক্ষিত করে ঋণ প্রদান করায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সেজন্য যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তাবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।
আলোচনা সভা শেষে ২৩জন যুবককে ১৭’লক্ষ ৬০’হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন যুব উন্নয়ন সংস্থা ও সামজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।