শামীম আখতার (খুলনা) যশোরের কেশবপুরে পুকুরের পানিতে ডুবে আবু তাহের (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ মে) সকালে উপজেলার বাউশলা গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাউশলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী শারমিন বেগম ১৫ মে সকালে তার শিশু ছেলে আবু তাহের কে রেখে সাংসারিক কাজকর্ম করছিলেন। ওইসময় পরিবারের সকলের অগোচরে বাড়ীর পাশে আঃ কাদেরের পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর বলেন, পুকুরের পানিতে পড়া ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।