কেশবপুরে বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলার বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস অভিযান পরিচালনা করে  ওই খালের একাধিক পাটা উচ্ছেদ করেছেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নূর ইসলাম তার মৎস্য ঘেরে পানি প্রবেশ করানোর উদ্দেশ্য আলতাপোল বুজতলা নামকস্থানে বড়পীঠ খালে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছে। যার ফলে কেশবপুর পৌর এলাকার আলতাপোল, সরফাবাদ ও বাজিতপুর গ্রামের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের ভারী বৃষ্টির কারণে ওইসব এলাকার মাঠগুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে রয়েছে। বিষয়টি গত শনিবার রাতে এলাকার কৃষকেরা উপজেলা প্রশাসনকে অবগত করেন।পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বিষয়টি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। তারই নির্দেশনায় গত রবিবার সকালে তিনি অভিযান পরিচালনা করে বড়পীঠ খালে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করেন।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, বড়পীঠ খালে অবৈধভাবে পানি প্রবাহে বাধা প্রদান করায় মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ওই খালের পাটা উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *