কেশবপুরে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে শংকর ঘোষ (৪৫) কে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৬ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের মৃত বিষ্ণুপদ ঘোষ এর ছেলে শংকর ঘোষ (৪৫) নিজ এলাকায় দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক দেড় লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় এবং ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে শংকর ঘোষ (৪৫) কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মানুষের নিত্য ব্যবহার্য এবং অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্য পণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উপজেলায় ভেজাল খাদ্য পণ্য তৈরি করার সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করছি। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *