শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ৫ বছরের শিশু মেয়েকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় ফজর আলী বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার (২ মার্চ) বিকেলে যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার মামলা নম্বর-২। গ্রেফতারকৃত আসামি একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।
থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশু মেয়েটি তার পিতা-মাতার সাথে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে নানার বাড়ীতে আসে। গত ২ নার্চ বিকেলে নানার বাড়ীর পাশে শিশু মেয়েটি খেলা করছিল। ওইসময় একই গ্রামের দুশ্চরিত্রহীন লম্পট ফজর আলী বিশ্বাস মেয়েটিকে খাবারের প্রলোভন দেখিয়ে সুকৌশলে তার বসতবাড়ির গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেখানেই তার যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু মেয়েটির পরনের প্যান্ট খুলে যৌন নিপীড়ন করে। ওইসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ঘটনাস্থল থেকে ফজর আলী পালিয়ে যায়। পরে ফজর আলী বিশ্বাসের স্ত্রী ও নওশের এর স্ত্রী মেয়েটিকে কান্নাকাটি করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। ওইসময় সকলের উপস্থিতিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। এমন ন্যাক্কারজনক ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসী ফজর আলীকে আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজর আলীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।