শামীম আখতার (খুলনা) : যশোরের কেশবপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজসহ কেশবপুর থানার অফিসার ইনচার্জ ও বিশিষ্ট ঘের ব্যবসায়ী সেলিমুজ্জামান আসাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠকালে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, সর্বপ্রথমে আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করানোর জন্য উপজেলাবাসীসহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে আমাকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনের জন্যে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন, কেশবপুর উপজেলার বলধালী বিলে আমার ৪’শত বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। এলাকার প্রকৃত কৃষকদের কাছ থেকে আমি জমি লিজ নিয়ে বিগত ৬ বছর যাবৎ মাছের ঘেরটি পরিচালনা করে আসছি। চলতি বছর ঘেরের ডিডের মেয়াদ শেষ হওয়ায় কৃষকরা পুণরায় ঘেরটি আগামী ৫ বছরের জন্যে আমার নামে ডিড করে দেয়। যাতে জমির হারি ৩৬ হাজার টাকা বিঘা প্রতি ধার্য করে ৩২০ বিঘা জমির মালিকদের স্বাক্ষর রয়েছে। যা চলতি বাংলা বর্ষের ১ বৈশাখ থেকে কার্যকর হয়েছে। তিনি আরো বলেন বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে কেশবপুর উপজেলাব্যাপী ঘের দখল, চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে। যাহা প্রতিরোধে যশোর জেলা পুলিশ সুপারের সহযোগিতায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ সফলভাবে দমনে কাজ করছেন। ঘের দখলের মহোৎসবে মেতে প্রতিপক্ষ মধ্যকুল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম আমার মৎস্য ঘেরটি অবৈধভাবে দখল নিতে এলাকার গুটি কয়েক জমির মালিকের স্বাক্ষর নিয়ে আমার বলধালি বিলের ঘেরে মাছ ছাড়তে যায়। পরবর্তীতে জমির মালিক কৃষকরা বাধা দিলে মাছ ছাড়তে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়।
গত ৮ মে কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। যার কারণে সময়ের অভাবে ঘের সংক্রান্ত বিষয় নিয়ে আমি আইনের আশ্রয় নিতে পারেনি। নির্বাচন কমিশনের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে বিজয়ী হই। আমি নির্বাচিত হওয়ার পর যখন কেশবপুর উপজেলা আওয়ামী লীগ উজ্জীবিত ও সুসংঘটিত, ঠিক তখনই কথিত জাহাঙ্গীর আলম নামের প্রভাবশালী ওই ব্যক্তি এক জনপ্রতিনিধির প্ররোচনায় গত বুধবার যশোর বিজ্ঞ আদালতে আমাকে সহ কেশবপুর থানার অফিসার ইনচার্জ, বিশিষ্ট ঘের ব্যবসায়ী সেলিমুজ্জামান আসাদের নামে অসৎ উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা করেন। জাহাঙ্গীর আলমের মামলায় উল্লেখ করেন, আমিসহ ঘের মালিক সেলিমুজ্জামান আসাদের উপস্থিতিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ক্রসফায়ারের ভয় দেখানো ও চাঁদাবাজির অভিযোগে যে মামলা করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। যাহা কেশবপুর থানার সিসি ক্যামেরা পর্যালোচনা করলে জানা যাবে।
তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী সময়ে একজন প্রভাবশালী জনপ্রতিনিধির প্ররোচনায় ও তার নিকটাত্মীয়দের মাধ্যমে উপজেলাব্যাপী ঘের ভেড়ি জবর দখল, চাঁদাবাজি শুরু হয়েছে। যাহা কেশবপুর শহরের একটি বাসায় বসে নিয়ন্ত্রণ করা হয় বলে জনশ্রুতি রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ী হওয়ায় উপজেলা আওয়ামী লীগসহ তৃণমূল আওয়ামী লীগ যখন শক্ত ও ঐক্যবদ্ধ, ঠিক তখনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসেবে আমিসহ উপজেলা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্থ করতে তারাই এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। যার কোন সত্যতা নেই।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজসহ কেশবপুর থানার অফিসার ইনচার্জ ও বিশিষ্ট ঘের ব্যবসায়ী সেলিমুজ্জামান আসাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না করলে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহত্তর আন্দোলন কর্মসুচী গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত আলী, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।