খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন করেন-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “শহিদ মীর মুগ্ধ তোরণ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৯ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে “শহিদ মীর মুগ্ধ তোরণ” উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মুগ্ধ ইতিহাস রচনা করে গিয়েছে। মুগ্ধকে নিয়ে বলতে গেলে দুঃখ লাগে ঠিকই কিন্তু তাঁকে নিয়ে কথা বলতে গেলে গর্বে মাথা উঁচু হয়ে যায়। মুগ্ধকে আমরা হারিয়েছি ঠিকই, তবে সে আমাদের নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে। সে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের তৃষ্ণা নিবারণের পানি যুগিয়েছে। আগে ভাবা হতো নতুন প্রজন্ম নিজেদের ছাড়া কিছু বোঝে না, তাঁরা দেশ ও রাজনীতি বিমুখ। কিন্তু সেই প্রজন্মের সন্তানরাও তাদের দেশপ্রেমের অবস্থান প্রমাণ করে দিলো। এখন আমাদের দায়িত্ব ও দায় অনেক বেশি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার খুনীদের বিচার এই মাটিতেই হতে হবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ হারুনর রশীদ খান, কোষাধ্যক্ষ ড. মোঃ নূরুন্নবী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান সিগ্ধ।

অনুষ্ঠানে শহিদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *