মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম, যে কারণে বাড়ছে দাম। এখন প্রায় অধিকাংশ সবজি কেজিপ্রতি গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
ফলে অস্বস্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমনি চিত্র উঠে এসেছে।
বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সরবরাহ কম, তাই দাম বেশি।
বাজারে মানভেদে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, বেগুন ৬০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৬০ টাকা, লতি ৭০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও টমেটো ৩০ টাকায়।
এছাড়া পেঁপে ৫০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৬০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, সজনে ডাটা ১০০-১২০ টাকা এবং ধনেপাতা ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় চালকুমড়া প্রতিটি ৫০ টাকায় ও লাউ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বেড়েছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনা-বেচা হচ্ছে ৭০ টাকায়।
ক্রেতারা বলছেন, রমজানে সবজির দাম কম থাকলেও ঈদের পর থেকেই শাক-সবজির বাজার চড়া। দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। এটা না করা হলে ফের অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার।