জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জাল সনদে আয়া পদে চাকরী করছেন মাহবুবা বেগম নামে এক নারী। এমপিওভূক্তির জন্য আবেদন করলে তার জাল সনদের তথ্য বের হয়ে আসে। এদিকে মাহবুবাকে ৮ম শ্রেণী পাসের সনদ না দেওয়ায় মাদ্রাসার সভাপতি প্রতিষ্ঠানটির সুপারকে সাময়িক বরখাস্ত করেছেন। সনদ না দেওয়া হলে সুপারকে চাকরী থেকে অপসারণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চেয়ে মাদ্রাসা সুপার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবরে লিখিত আবেদন করেছেন।
জানা যায়, মাহবুবা খাতুন ২০২২ সালের ১৮ জুলাই কালাই উপজেলার সমশিরা উচ্চ বিদ্যালয়ে আয়া পদে চাকরী পান। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে একই উপজেলার রাঘবপুর চৌমুহনী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে অষ্টম শ্রেণী পাসের সনদ জমা দেন তিনি। এরপর তিনি গত ৭ জুন এমপিওভূক্তির জন্য অনলাইনে আবেদন করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাগজ-পত্র যাচাই করতে গিয়ে দেখতে পান তার অষ্টম শ্রেণী পাসের সনদপত্রটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজের। নিয়োগ ও এমপিওভূক্তির আবেদনে আলাদা সনদ হওয়ায় সন্দেহ হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। এ বিষয়ে তিনি গত ১৩ জুন সনদ যাচাই করতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড বইয়ে মাহবুবার কোন তথ্য পাননি।
এদিকে জাল সনদের ঘটনা ধামাচাপা দিতে গত জুলাই মাসে কাটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হান্নান মন্ডল আয়া মাহবুবার চাকরি বাঁচতে তাকে অষ্টম শ্রেণী পাসের সনদ দিতে বলেন প্রতিষ্ঠানটির সুপারকে। এতে রাজি না হওয়ায় ১ আগস্ট কমিটির সিদ্ধান্ত ছাড়াই ওই সুপারকে সাময়িক বরখাস্ত করে চিঠি পাঠান সভাপতি।
এ ব্যাপারে মাহবুবা বেগম বলেন, চাকরী আর এমপিওভূক্তির আবেদনের সময় কোন প্রতিষ্ঠানের সনদ দেওয়া হয়েছে তা আমার স্বামী ভাল জানে। আমি এসবের কিছুই জানিনা।
তবে মাহবুবার স্বামী মাবুদ হোসেন বলেন, এত কিছু বলতে পারবো না। চাকরী না হলে না হবে, তবে সুপারকে না দেখা পর্যন্ত ছাড়বো না।
কাটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আলীম বলেন, মাদ্রাসার রেকর্ডে না থাকায় মাহবুবাকে অষ্টম শ্রেণী পাশের সনদ দেইনি। এ কারনে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সনদ না দিলে চাকরী থেকে অপসারণ করা হবে বলেও হুমকি দেন সভাপতি। এ ঘটনায় তদন্ত চেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসে আবেদন করেছি। প্রয়োজনে সভাপতির বিরুদ্ধে মামলাও করবো।
মাদ্রাসার সভাপতি ও উপজেলার মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল বলেন, এ বিষয় নিয়ে আমি কথা বলতে বাধ্য নই। যা লিখার লিখতে পারেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, নিয়োগকালিন সনদ আর এমপিওভূক্তির আবেদনের সনদ আলাদা এবং ভূয়া। তদন্তে এসব তথ্য ওঠে এসেছে। তাইএমপিওভূক্তির আবেদন নাকোচ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, জাল সনদ বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করেছে। রিপোর্ট হাতে পেয়েছি। তদন্তে সনদ দুটি ভূয়া প্রমাণও হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সুপারের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।