মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল ত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম। এসময় তিনি জানান আর কোনোদিন আ.লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।
রবিবার আজ (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউপির চৌমুহনী বাজারে প্রধান সড়কের উপর প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল ত্যাগ ও দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম জেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
মুজিব কোট পোড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এসময় ইউপি সদস্য রেজাউল করিম বলেন,দল করতে গিয়ে অনেক অপদস্ত, অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। এই দলকে আমার আর ভাল লাগেনা, এদের চাল চলন (কর্মকাণ্ড) আর ভাল লাগেনা। তাই আজ প্রকাশ্য দিনের বেলায় মুজিব কোট পুড়িয়ে আমি এই দলত্যাগ করলাম।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, তৎকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে দলে আজ এমন ঘটনা ঘটছে। আগামী দিনগুলোতে আরও অনেক নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। এখন শুধু দেখার পালা।