মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : বর্তমান বাজারে প্রতি মণ আউশ ধান ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি হওয়ায় উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।
সার, কীটনাশক, সেচ, এবং কৃষি শ্রমিকের মজুরি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে ধানের উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাওয়ায়,তুলতে পারছে না উৎপাদন খরচ।
স্থানীয় বাজারগুলোতে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের প্রভাবে কৃষকরা বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন এমনি অভিযোগ আউচাষীদের।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত মৌসুমে নওগাঁয় আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় ৫১ হাজার ৩০০ হেক্টর জমিতে। এবার আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ হেক্টরে। অর্থাৎ কৃষকেরা আউশ আবাদে আগ্রহ দেখিয়েছেন এবং আবাদি জমির পরিমাণও বেড়েছে। কিন্তু উৎপাদন বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় সেই সাফল্য এখন অনেক কৃষকের জন্য আর্থিক বোঝায় পরিণত হচ্ছে।
কৃষি বিভাগের হিসাবে, চলতি অর্থবছরে প্রতি একর আউশ ধান উৎপাদনে গড়ে প্রায় ৬৪ হাজার টাকা খরচ হচ্ছে। বিঘাপ্রতি হিসাব করলে উৎপাদন ব্যয় দাঁড়ায় প্রায় ২১ হাজার টাকা। অথচ অনেক কৃষকের প্রতি বিঘায় ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ। বর্তমান বাজারদর অনুযায়ী সেই ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে প্রায় ১৪থেকে ১৬ হাজার টাকা। ফলে ফলন ভালো হলেও উৎপাদন খরচই পুরোপুরি উঠে আসছে না।