ওবাইদুল হক, কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ ১০/১১/২০২৪ ইং তারিখ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়। “দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না,” স্লোগানকে সামনে রেখে “যেকোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়ের বিপক্ষে অবস্থানকারী চকরিয়া কোরক বিদ্যাপীঠ বিতার্কিক দল পক্ষ দল চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা রোতবা জারিন।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, কক্সবাজার শাখার সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন এবং চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক সিন্টু চৌধুরী এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল আজম, শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যাপক জামাল উদ্দিন সাকি, চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস।
বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে সভাপতি মো: নোমান প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।