দ্বিতীয় দিনের মত বেনাপোল রুটে অনিদিষ্টকালের বাস ধর্মঘটে ভোগান্তিতে পাসপোর্টধারী

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:
হঠাৎ করে বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে বাস ঢোকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সারাদেশের সাথে বেনাপোল রুটের যাত্রীবাহি পরিবহন সেবা অনিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে পাসপোর্টধারীরা।

শনিবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।

ধর্মঘটের সমর্থনকারি পরিবহন ব্যবসায়ীরা জানান, ভারতগামী পাসপোর্টধারীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন ব্যবসায়ীরা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে পৌরসভা কর্তৃপক্ষ বেনাপোল চেকপোষ্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার বন্ধ করে দেয়। এসময় যাত্রী সুবিধায় ভারতগামী পাসপোর্টধারী বহনকারী রাতের বাসগুলো বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর কথা হয়। কিন্তু হঠাৎ করে গতকাল রাতের বাস চেকপোষ্টে ঢুকতে না দিয়ে পৌর কর্তৃপক্ষ পাসপোর্টধারীদের শহর থেকে দূরে পৌর বাসটার্মিনালে নামাতে শুরু করে। এতে পাসপোর্টধারীদের ভোগান্তি ও ব্যবসার ক্ষতির প্রতিবাদ জানিয়ে বেনাপোল রুটে সারাদেশের সাথে পরিবহন চলাচল বন্ধ রাখে বাস চালকেরা।

পাসপোর্টধারী কবির হোসেন জানান, পাসপোর্টধারীদের নিরাপত্তা ও সেবার কথা বিবেচনা করে সরকার বেনাপোল বন্দর আন্তর্জার্তিক বাস টার্মিনাল নির্মান করেন। এখন এ টার্মিনালে যাত্রী সেবা বন্ধ করে দেওয়ায় সীমাহীন দূর্ভোগ বেড়েছে। পৌর বাসটার্মিনালে নিরাপত্তা সংকটে ছিনতাইসহ প্রতারনার কবলে পড়ছেন তারা।

বেনাপোল পৌরসভার প্রশাসক কাজি নাজিব হাসান জানান, প্রথম দিনে হয়তো অনেকে বুঝতে না পারায় কিছুটা ভুল হতে পারে। তবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে রাত ১০টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত পূরপাল্লার বাসগুলো সব বেনাপোল বন্দর চেকপোষ্ট আন্তর্জাতিক বাসটার্মিনালে যাত্রী নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি এ সুবিধায় ধর্মঘটকারীরা তাদের ধর্মঘট তুলে নিবেন।

বেনাপোল চেকপোষ্ট শ্যামলী এনআর বাস কাউন্টারের স্টাফ মনজিল হোসেন জানান, যাত্রী ভোগান্তি ও ব্যবসাবান্ধন পরিবেশ না থাকার কারনে ঢাকার মালিকদের নির্দেশে দিনভর বেনাপোল রুটে কোন যাত্রীবাহী বাস ছাড়েনি। তারা পরবর্তীতে নির্দেশ দিলে পরিবহন সেবা আবারো শুরু করা হবে।

এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বেনাপোল বন্দরে আটকা পড়ে ভারত ফেরত কয়েক শত পাসপোর্টধারী। ভোগান্তি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পাসপোর্টধারীরা যাতে বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতে পারে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাসচালক ও পাসপোর্টধারীরা।

প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে চিকিৎসা,ব্যবসাসহ বিভিন্ন কাজে ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। পরিবহন সেবা বন্ধ থাকায় সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়েছে তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *