নওগাঁর পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায়, ব্র্যাকের (বিডিসি) একে আজাদ- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।
সভায়  অন্যান্যের মধে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল হক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জগেন্দ্রলাল সরকার, আব্দুর রাজ্জাক (প্রোগ্রাম ম্যানেজার-আইডিপি), প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় তিগ্যা (আঞ্চলিক ব্যবস্থাবক-আইডিপি), ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রকল্পটির আওতায় পত্নীতলা উপজেলায় ১০টি কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) গঠন করা হবে। এসব সংগঠনের সঙ্গে ৩৫০ জন আদিবাসী নারীকে সম্পৃক্ত করা হবে। প্রকল্পের মূল তিনটি উদ্যোগ হলো—আদিবাসী জনগোষ্ঠীকে সংগঠিত করা, সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্যকর সংযোগ স্থাপন করার কথা জানানো হয় ।
দুই বছর মেয়াদি এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে কমিউনিটিভিত্তিক সংগঠন গুলোর নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নারীর নেতৃত্বের বিকাশ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই জীবিকার সুযোগ তৈরি, সরকারি সেবার সঙ্গে সংযোগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় আদিবাসী নারীদের সংগঠিত হওয়ার পাশাপাশি তাদের নেতৃত্ব, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *