শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় মা ও বোনকে সাথে নিয়ে হিন্দুবাঘা মেলায় যাওয়ার পথে ১০ম শ্রেণীতে পড়ুয়া বিজয় সরকার (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত। এদূর্ঘটনায় আহত হয়েছেন নিহত ছাত্রের মা ও ছোট বোন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী নামক স্থানে।
নিহত স্কুল ছাত্র বিজয় নওগাঁ পৌর শহরের পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার ওরফে বাদলের ছেলে এবং নওগাঁ সরকারি জিলা স্কুলের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র। নিহতের স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্কুল ছাত্র বিজয় তার মা বর্ষা রাণী ও ছোট বোনকে সাথে নিয়ে একটি অটোরিকশা যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকার হিন্দু ধর্মীয় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা মেলায় যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছালে এসময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাদের বহণকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের উপর উল্টে স্কুল ছাত্র বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হোন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বিজয় কে মৃত বলে ঘোষণা করেন। আহত মা ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালেও পুলিশ পৌছার পূর্বেই দূর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ে পালিয়ে যান চালকরা। এছাড়া নিহতের পরিবার বা স্বজনরা কেউ কোন অভিযোগ করেন নি। যদি অভিযোগ পাওয়া যায় আইনানুগ পদক্ষেপ হবে বলেও জানান ওসি।