নিউইয়র্ক সিটির ফ্রি চাইল্ডকেয়ার পরিকল্পনা: বছরে ৯ বিলিয়ন ডলার খরচের আশঙ্কা

হাকিকুল ইসলাম খোকন, মোঃনাসির, প্রতিনিধি আমেরিকা :  নিউইয়র্ক সিটির সার্বজনীন ফ্রি চাইল্ডকেয়ার প্রকল্প নিয়ে নতুন এক গবেষণায় বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, সব শিশুর জন্য এই সেবা চালু করতে হলে শহরের বছরে প্রায় ৯ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে, যা আগের হিসাবের চেয়ে কয়েক বিলিয়ন ডলার বেশি।

সেন্টার ফর নিউইয়র্ক সিটি অ্যাফেয়ার্সের বিশ্লেষণে বলা হয়েছে, বিশেষ করে ছোট শিশুদের জন্য পর্যাপ্ত আসন তৈরি, নতুন কর্মী নিয়োগ এবং চাইল্ডকেয়ার কর্মীদের বেতন বাড়ানোর কারণে ব্যয় অনেক বেড়ে যেতে পারে। প্রস্তাবিত পূর্ণাঙ্গ কর্মসূচির জন্য প্রায় ২৩ হাজার অতিরিক্ত কর্মী এবং নতুন করে প্রায় ১০ হাজার আসন প্রয়োজন হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

মেয়র জোহরান মামদানির প্রশাসন ফ্রি চাইল্ডকেয়ারকে কর্মজীবী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছে। প্রথম ধাপে দুই বছর বয়সী শিশুদের জন্য ২ হাজার ফ্রি চাইল্ডকেয়ার আসন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তবে সমালোচকদের প্রশ্ন, এত বড় ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে। পরিকল্পনার অর্থায়নে রাজ্য ও ফেডারেল সহায়তার পাশাপাশি উচ্চ আয়ের মানুষের ওপর অতিরিক্ত করের বিষয়ও আলোচনায় এসেছে। অন্যদিকে সমর্থকরা বলছেন, শিশুদের যত্নে বিনিয়োগ দীর্ঘমেয়াদে পরিবার ও অর্থনীতির জন্য লাভজনক হতে পারে।

নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী চাইল্ডকেয়ারের চাহিদা দীর্ঘদিনের সমস্যা। নতুন এই পরিকল্পনা একদিকে পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে পারে, অন্যদিকে এর বিশাল খরচ ও বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *