নিউ সুপার মার্কেটের আগুনে ফুটপাথের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন

কালের সংবাদ ডেস্কঃ চোখ বেয়ে ঝরছে অশ্রু। কাঁপছে ঠোঁট। ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। অদূরে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল তাকিয়ে রইলেন আলমগীর হোসেন। ভোরের আগুনে পুড়ে ছাই হয়েছে তার কোটি টাকার স্বপ্ন।

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনে পুড়ে গেছে আলমগীরের পরিবারের তিন দোকান। দোকান তিনটিতে প্রায় তিন কোটি টাকার মালামাল ছিল। এছাড়াও নগদ ৫০ লাখ টাকা ছিল পাইকারকে দেয়ার জন্য। খুচরা টাকাও ছিল বেশকিছু। এখন কান্নাই তার একমাত্র সম্বল।

শুধু আলমগীর হোসেন নন, অগ্নিকাণ্ডে এভাবেই ক্ষতিগ্রস্ত নিউ মার্কেটের তৃতীয় তলার অনেক ব্যবসায়ী। ঈদের আগে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী কীভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন জানেন না। একের পর এক আগুনের সূত্রপাত নিয়ে প্রশ্ন রয়েছে ব্যবসায়ীদের মধ্যেও। বঙ্গবাজার ও নবাবপুরের পর এবার ভুক্তভোগী নিউ মার্কেটের ব্যবসায়ীরা। ভোর ৫টা ৪০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মালামাল উদ্ধারও করেন তারা। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে জড়িতদের অনেকে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

এদিকে ফুটপাথের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে মালামাল সরিয়ে নিতে পারলেও ব্যবসায় ক্ষতি পুষিয়ে উঠা নিয়ে শঙ্কায় রয়েছেন। রায়হান নামের এক জুতা ব্যবসায়ী বলেন, আমি খবর পেয়ে এসে সব মালামাল সরিয়ে নিয়েছি। তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *