কালের সংবাদ ডেস্কঃ বঙ্গবাজারের পোড়া গন্ধ শেষ হতে না হতেই গতকাল ভোরে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে কয়েক শতাধিক ব্যবসায়ী নিঃস্ব হলেন। ঈদের আগে পরপর দু’টি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।
মার্কেটগুলোর দূরত্ব যেমন বেশি নয় ঠিক তেমনি দু’টিতে অগ্নিকাণ্ডের ঘটনার সময়ও কাছাকাছি।
বড় দু’টি মার্কেটে আগুনের সূত্রপাত প্রায় একই সময়ে। এই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা প্রশ্ন সামনে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মার্কেটে একের পর এক আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা, তা খতিয়ে দেখার কথা বলেছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা ইদানিং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এখানে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঈদের আগে কেন মার্কেটে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা প্রয়োজন। আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করবো এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
মহাসচিব বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকারের ব্যর্থতার কারণেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনা রহস্যজনক।