নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগার’। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা (ঠকঠকি বাজার) এলাকায় এই পাঠাগারটি উদ্বোধন করা হয়। ভাবিচা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
​ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, বিএনপি নেতা মোকলেসুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তরুণ বয়সেই এই পাঠাগারের স্বপ্ন দেখেছিলাম এবং তখন থেকেই শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের নামে পাঁচ শতক জমি ক্রয় করে রেখেছিলাম। দীর্ঘদিনের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও ধন্য মনে করছি। আশা করি, এই পাঠাগারটি এলাকার তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারে পরিণত হবে।
​অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও অতিথিরা নবপ্রতিষ্ঠিত পাঠাগারের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *