বেনাপোল (যশোর) প্রতিনিধি: পরিকল্পিত ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, নাজমুল হাসান বাবুল, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী সহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে, তার উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। একটি নির্বাচিত সরকারকে তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাধা দিতে এবং জ্বালাও-পোড়াও আন্দোলন ও হুমকির মাধ্যমে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব।