কালের সংবাদ ডেস্কঃ সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত রাখা হয়েছে ইলিয়াস আলীর নাম। প্রায় ১১ বছর ধরে খোঁজ নেই সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে। কিন্তু ‘নিখোঁজ’ ইলিয়াসকে ভোলেনি সিলেট বিএনপি। একই সঙ্গে ইলিয়াস পরিবারের আরও তিন সদস্যও স্থান পেয়েছেন কমিটিতে।
সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রবিবারে। ১৫১ সদস্যের কমিটির প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে এম ইলিয়াস আলীকে। দ্বিতীয় ও ১১তম সদস্য হিসেবে রাখা হয়েছে যথাক্রমে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও ছেলে আবরার ইলিয়াসকে।
গত বছরের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। আবদুল কাইয়ুম চৌধুরী সভাপতি, এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক ও মো. শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক হন। প্রায় এক বছর পর গত রবিবার রাতে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে। এছাড়া ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী কমিটিতে স্থান পেয়েছেন সহসভাপতি হিসেবে।