কালের সংবাদ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ক্ষমতায় যাওয়া বা সরকার বদলের একমাত্র পন্থা নির্বাচন। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া সরকার বদলের অন্য কোনো উপায় নেই। যারা নির্বাচন ছাড়া অবৈধ ও অগণতান্ত্রিকভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় তারা কখনো সফল হবে না।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রয়াত আওয়ামী লীগ নেতা চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির আরও বলেন, এটাও সত্য যে, অতীতে কোনো আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায়নি। প্রতিবারই প্রাসাদ ষড়যন্ত্র ও হত্যার নকশা বাস্তবায়ন করা হয়েছে। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরও আওয়ামী লীগকে শেষ করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ জনগণের বিশ্বাস, ভালবাসা ও আস্থায় অধিকতর শক্তিশালী হয়ে ক্ষমতায় ছিল, আছে এবং থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী বলেছেন, অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠী এবং অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো জনকল্যাণমুখী রাজনীতির প্রধান অঙ্গীকার। আওয়ামী ঘরানার প্রত্যেক রাজনীতিকের এ অঙ্গীকার পালন করা উচিত। এছাড়া সমাজে যারা বিত্তবান আছেন তাদের সম্পদের একটি অংশের হক পিছিয়ে পড়া মানুষদের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাজী মোজাম্মেল হক খোকা, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, মো. নাজিম উদ্দীন, ওমর কান্তি দত্ত, মোজাহেরুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান, অ্যাড. সাহেদুল আজম শাকিল, শ্রমিক নেতা আবুল হোসেন আবু প্রমুখ।
চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।