প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ০৩ (তিন) সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখ (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস এবং প্রবেশপত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) মধ্য রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী(৫৩)। তিনি উচাই কলেজের প্রিন্সিপাল। আর ২ জন জালিয়াতী চক্রের মূল হোতা বগুড়া  সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে  ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার  হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে  রোকনুজ্জামান রোকন (২৯)।
পুলিশ সুপার নূরে আলম বলেন, দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতী চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতী করার উদ্দেশ্যে অবস্থান করছে। তারা ২০থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরীর নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে।
পুলিশ সুপার আরও বলেন, এই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতী প্রতারক চক্রের সাথে আরো ৩/৪ জন জড়িত আছে মর্মে জানা যায়। তারা দেশের বিভিন্ন নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে রাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবহি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ০৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে।
এই প্রতারক চক্রটি রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করার উদ্দেশ্যে এদের নেটওয়ার্ক বিস্তার করেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *