ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালন করবে উপজেলা মৎস্য দপ্তর।
দিবসটি উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, মৎস্য চাষী রাসেল হোসেন ও সোহেল রানা।
এমপি ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে মাছ চাষ করায় প্রকৃত মৎস্যজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত মৎস্যজীবীদের পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে সরকারি খাস পুকুরগুলো তাদের হাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় কারেন্ট জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমূখ।
পরিশেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।