বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় চাঁদার টাকা না পেয়ে চার জন সাধারণ কৃষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম তোতা নামের এক সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্রসহ পালিয়ে আসেন বলে জানা গেছে।
গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামে এই নৃশংসতার ঘটনা ঘটে।আহতরা হলেন কন্দর্পপুর গ্রামের মকছেদ আলীর ছেলে গোলাম হোসেন বুদো (৪৫), মৃত আবদুল মজিদের ছেলে জামিরুল ইসলাম (৪৫), জামিরুলের ছোট ভাই আমিরুল ইসলাম (৪০), এবং গাতিপাড়া গ্রামের বেতনা পাড়ার আবু সিদ্দিকীর ছেলে মহসিন (৩২)।
আহতদের মধ্যে গোলাম হোসেন বুদোর অবস্থা আশঙ্কাজনক। জীবনের ভয়ে শুরুতে অনেক আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হতে না পেরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানকে পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই সাধারণ কৃষিকাজ করে জীবন নির্বাহ করে থাকেন।
অনুসন্ধানে জানা যায়, গত জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্রসহ পালিয়ে আসেন কন্দর্পপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে ও চিহ্নিত সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতা। এরপর থেকেই তিনি নিজ এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। চাঁদার টাকা না পেলে সাধারণ মানুষকে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও জমি দখলের মতো অপরাধই ছিল তাঁর মূল পেশা।
এর আগে এসব অপরাধের অভিযোগে শার্শা থানা পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠালেও কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি ফের বেপরোয়া হয়ে ওঠেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। এলাকাবাসীর তথ্যমতে, রাতের বেলা অস্ত্র হাতে ও মাদক সেবন করে তিনি চাঁদাবাজি করেন এবং দিনে বাড়িতে ঘুমিয়ে থাকেন।
তার বিরুদ্ধে শার্শা থানায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ঘের দখল, বাড়িঘর ভাঙচুর, অপহরণ ও মারপিটসহ একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।
শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের অর্ধশতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিষয়ে নিজামপুর ইউনিয়নের দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা শহিদুলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, “ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর দ্রুতই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”