মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : গত কয়েকদিনে মুষলধারে বৃষ্টিতে বরেন্দ্রঞ্চলে সর্বনাশ হয়েছে শীতকালীন সবজি ক্ষেত। ক্ষেত থেকে পানি সরতে না সরতেই আবারও টানা বৃষ্টির খড়্গে পড়েছে। এতে হাজারো কৃষকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। গত বুধবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৭ মিলিমিটার। এতে প্রায় ২০ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, দু-একদিনের মধ্যে বৃষ্টি কমতে পারে। কৃষকদের ভাষ্য, এরই মধ্যে এ উপজেলার প্রায় শতভাগ সবজির বীজতলা তলিয়ে গেছে। আগাম আবাদ করা সবজির ক্ষেতও এখন পানির নিচে। এ অঞ্চলে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপকভাবে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, টমেটো, লাউ, শিম, লালশাক, মটরশুটি, মুলা, পালংশাক, পুঁইশাক, ধনেপাতাসহ বিভিন্ন শীতকালীন সবজি আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে- এবছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে। আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে প্রায় ২ হাজার হেক্টর জমিতে।
অসময়ের বৃষ্টিতে এসব কৃষকের শীতকালীন সব ধরনের সবজি ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টির পানি নেমে যাওয়ার পর ছত্রাকনাশক প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। নতুন করে এ বছর আবাদ করার সুযোগও নেই বলে জানান তারা।