বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত ২

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বালু বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহত ভ্যান চালক থানার লক্ষীরামপুর গ্রামের মৃত বুজনের ছেলে ও আহতরা হলেন, লক্ষীরামপুর গ্রামের জয়নালের স্ত্রী শিউলি খাতুন (৩০) এবং ওই ট্রাক্টরের এক হেলপার। এদের মধ্যে আহত হেলপারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষীরামপুরের মোড় এলাকায় রাস্তার পাশে নিহত ভ্যানচালক তার ভ্যান দাঁড় করিয়ে খড়ি বোঝায় করছিলেন। এমতাবস্থায় বানডুবির ঘাট এলাকা থেকে আসা বেপরোয়া গতির বালু বোঝায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় শিউলি খাতুন এবং ওই ট্রাক্টরের অজ্ঞাতনামা এক হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *