বিরামপুরে পেয়াজের বাম্পার ফলন, খুশি কৃষকেরা

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাজারজাতকরণের কাজে এখন ব্যস্ত কৃষকেরা। বাম্পার ফলনের সাথে সাথে বাজারদরও ভালো হওয়ায় এখন হাসি ফুটেছে কৃষকের মুখে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর, বাদমুখা এবং পৌর শহরের লক্ষ্মীপুর, মামুদপুর মুন্সিপাড়া গ্রামের কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শে বানী জাতের পেঁয়াজ চাষ করেছেন। এখানকার আবহাওয়া পেঁয়াজ চাষের উপযুক্ত হওয়ায় এ বছর ফলনও ভালো হয়েছে। পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। দিন দিন এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পেঁয়াজের চাষ বেড়েই চলছে।

কৃষক আব্দুল জিয়াউদ্দিন বলেন, গত বছর অন্য শাক সবজির চাষ করলেও এই বছর নিজের ক্ষেতে পিঁয়াজের ভালো ফলন দেখে তিনি খুশি। তার ক্ষেত থেকে তিনি ৬০০ মণ পিঁয়াজ পাবেন বলে আশা করছেন।

আরেক কৃষক মো. আবুল হাশেম বলেন, তিনি ৩৩ শতাংশ জমিতে কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে কয়েক মাস পরিচর্যার পর এখন তার জমিতে পিঁয়াজের বাম্পার ফলনে তিনি সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১২৫ হেক্টর জমিতে নাবী পেয়াজ এন-৫৩ জাতের শীতকালীন পেঁয়াজ চাষ হয়েছে। পেঁয়াজ চাষ করার জন্য কৃষককে বীজ, সার প্রদান করা হয়।

বিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, এ উপজেলায় গত কয়েক বছর ধরে বাড়ছে পেঁয়াজের চাষ। এবার উপজেলায় ফলন ভালো হয়েছে। তবে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেলে চাষিরা আরও লাভবান হবেন। অনুকুল আবহাওয়া থাকায় এবছর বিরামপুর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে এবং প্রতিটি জমিতে ফলনও বেশ ভালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *