মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: ঈদ উপলক্ষে বেনাপোল পৌরসভার অসহায় গরীব মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরনে চরম অনিয়ম দেখা দিয়েছে। রোববার (১৫ মার্চ) সরেজমিনে দেখা গেছে ভিজিএফ চাউল বিতরনে প্রতিটি চাউল গ্রহীতাকে ৫০০ গ্রাম করে চাউল কম বিতরন করছে।
চাউল কম দেওয়া হচ্ছে এরকম অভিযোগের ভিত্তিতে পৌরসভা এলাকায় গিয়ে কয়েকজন গ্রহীতার চাউল পাশের একটি বেকারীতে মেপে দেখা যায় প্রতিজন গ্রাহককে ১০ কেজির পরিবর্তে সাড়ে নয় কেজি চাউল দেওয়া হয়েছে।
ভবেরবেড় পশ্চিমপাড়ার রবিউল নামে একজন সদস্যকে কম চাউল নিয়ে পৌরসভার ভিতর যেখানে চাউল বিতরন করা হচ্ছে সেখানে গেলে তারা বলে আমরা চাউল কম দিচ্ছি না। আর যদি সামান্য কম দেওয়া হয় পরে তাও গরীব মানুষ এর ভিতর বিতরন করা হবে। আমরা বালতিতে করে মেপে দিচ্ছি হয়ত কিছু চাউল কম বেশী হতে পারে। আপনারা বিষয়টি সচিব মহোদয় এর কাছে যান।
বেনাপোল পৌরসচিব সাইফুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন এরকম হওয়ার কথা না। তবে ১০০গ্রাম ২০০ গ্রাম চাউল কম যেতে পারে। এরপর চাউল যদি অতিরিক্ত থেকে থাকে তা এলাকার গরীব মানুষকে ডেকে দেওয়া হবে। তখন ভুক্তভোগি রবিউল এর চাউল মাপতে বললে তিনি অফিসের জনৈক কর্মচারীকে বলে এই ব্যক্তির চাউল যে টুকু কম দেওয়া হচ্ছে সে টুকু দিয়ে দিবেন। আর কারো চাউল যেন কম না হয়।
বেনাপোল পৌর সভায় ৪৬২৫ জন পরিবারকে ভিজিএফ এর চাউল বিতরণ করা হবে বলে সচিব জানান। এতে করে হিসাব মতে ২৩০০ (২ টন ৩০০ কেজি) কেজির উপর চাউল কম দেওয়া হবে।
বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহেদকে জানালে তিনি বলেন, আমি এখনি এসি ল্যান্ড সাহেবকে ঘটনাস্থলে পাঠাচ্ছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।