ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত মাসুদ রানা আপেল (৪৯) খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে এবং মাটি ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উর্বরতা নষ্ট করছিলেন মাসুদ রানা আপেল। এই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধ মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভাঙ্গুড়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটা, কৃষিজমি নষ্ট করা এবং পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই আইন অমান্য করে মাটি উত্তোলন বা বিক্রির সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা এবং কৃষিজমির উর্বরতা বজায় রাখতে স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে এবং অবৈধ কর্মকান্ড সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


ছবি: পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *